সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় নারী সমাজ অগ্রণী ভূমিকা রাখতে পারে

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৮, ২০২৫, ০৩:৪৩ পিএম

ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় নারী সমাজ অগ্রণী ভূমিকা রাখতে পারে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় নারী সমাজ অগ্রণী ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদ-পরবর্তী নতুন বাংলাদেশে নব্য ফ্যাসিবাদী দলকে প্রতিহত করে ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠনে নারী সমাজকেই সবচেয়ে বেশি অবদান রাখতে হবে।শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী (মহিলা বিভাগ) বাউফল উপজেলার শাখার সদস্য (রুকন) ও ছাত্রী প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. শফিকুল ইসলাম মাসুদ হযরত খাদিজা (রা.)-এর উদাহরণ টেনে বলেন, যেভাবে তিনি ইসলামের বিজয়ের জন্য মহানবী (সা.)-এর পাশে দাঁড়িয়েছেন, একইভাবে বাংলাদেশের নারী সমাজকে সাহসী ভূমিকা অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে পরবর্তী প্রতিটি আন্দোলন সংগ্রাম এমনকি সবশেষ জুলাই বিপ্লবে নারীদের আত্মদান ও ত্যাগ চিরস্মরণীয়।

জামায়াত নেতা অভিযোগ করেন, একটি দলের নেতাকর্মীদের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে নতুন বাংলাদেশ বিনির্মাণ বাঁধাগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, যখন এদেশের নারী সমাজ তাদের চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠছে, তখন তারা নারীদের ওপর হামলা করছে। তাদের এই হামলার চিত্র ফ্যাসিবাদী আওয়ামী লীগের শাসনামলকেও হার মানিয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, তারা নারীদের ধর্ম চর্চায়ও বাঁধা দিচ্ছে। নিজ দলের চেয়ারপার্সনের নির্বাচনী আসনে অন্য দলের প্রচারণা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, যা গণতন্ত্রের প্রতি বিশ্বাস না থাকার লক্ষণ।মতবিনিময় সভায় ৫ শতাধিক মহিলা জামায়াতের সদস্য (রুকন) ও ছাত্রী প্রতিনিধি অংশগ্রহণ করেন।