নভেম্বর ৯, ২০২৫, ১১:৩৬ পিএম
গণঅধিকার পরিষদ সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেছেন, "আমার কাছে মনে হয় সরকারের ভেতরে একটা অদৃশ্য সরকার রয়েছে, যারা মূলত নির্বাচন চায় না। আমাদের ভেতরে বিভাজন সৃষ্টি করে তারা এই ক্ষমতাকে দীর্ঘমেয়াদি করতে চায়।" তিনি মনে করেন, এই গোষ্ঠীটি চাচ্ছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে এবং আওয়ামী লীগকে নির্বাচনে আনতে।
রোববার (৯ নভেম্বর) দুপুরে ঝিনাইদহে গণসংযোগ গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি দুর্বৃত্তের হামলায় গণঅধিকার পরিষদ হরিণাকুণ্ডু পৌর শাখার আহ্বায়ক মোকলেছুর রহমান টোকনের ব্যবসা প্রতিষ্ঠান ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের বিলবোর্ড ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শন করেন।
রাশেদ খাঁন তার বক্তৃতায় পরিবর্তনের রাজনীতির ওপর জোর দেন। তিনি বলেন:আমি রাজনীতির সৌন্দর্য দেখতে চাই। প্রার্থীদের মধ্যে ভালোবাসা দেখতে চাই। আমি দেখতে চাই আমাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া...আমি পরিবর্তনের রাজনীতি করার জন্য এখানে এসেছি। আমরা প্রতিহিংসার রাজনীতিতে ফিরে যেতে চাই না।
আমরা সম্প্রীতি ও ভালোবাসার রাজনীতি এই ঝিনাইদহে প্রতিষ্ঠিত করতে চাই।"তিনি গণঅভ্যুত্থানের শিক্ষা স্মরণ করিয়ে দিয়ে বলেন, "আমরা সবাই মিলে বাংলাদেশ। আমরা একতাবদ্ধভাবে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি।" তিনি সতর্ক করেন:আমরা যদি নির্বাচনের আগে নিজেদের সংশোধন করতে না পারি, তাহলে আমি মনে করি আগামী নির্বাচন একটি সাংঘর্ষিক নির্বাচন হবে।"
রাশেদ খাঁন মনে করেন, নির্বাচনের আগে নির্বাচনের পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনে যদি সব দল সহযোগিতা করে তাহলে বাংলাদেশের ইতিহাসে এটি সেরা নির্বাচন হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন