নভেম্বর ২৩, ২০২৫, ১২:০১ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নারী শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান বলেছেন, আপনারা প্রমাণ করেছেন বগুড়ার মাটি ধানের শীষের ঘাঁটি। তিনি বলেন, "আপনারা ১৭ বছর ভোট দিতে পারেননি, এবার ভোট দেওয়ার অধিকার ফিরে এসেছে।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে বগুড়ার কাহালু উপজেলার নারহট্ট উচ্চবিদ্যালয় মাঠে এক নারী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সেলিমা রহমান বলেন, সামনে আবার নির্বাচন আসছে। আপনাদের ভোট দেওয়ার অধিকার ফিরে এসেছে। আমরা জানি বগুড়াতে ধানের শীষের বিকল্প নেই।
কাজেই আগামী নির্বাচনে আপনাদের ভাই মোশারফ হোসেনকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। তিনি বিশ্বাস করেন, জনগণের ভোটে বিজয়ী হয়ে বিএনপি নারী উন্নয়নের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেবে।নারী শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাহাউদ্দিন নাইম, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, খায়রুল বাশারসহ অন্যান্যরা।
এ সময় সমাবেশে আরও উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক পৌর মেয়র আব্দুল মান্নান, নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, কাহালু পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান আনিছ, নন্দীগ্রাম পৌর বিএনপির সভাপতি আলোক জান্ডারসহ স্থানীয় বিএনপি, যুবদল ও মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন