নভেম্বর ৩০, ২০২৫, ১০:৪৭ পিএম
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) নতুন কমিশনার ড. মো. জিল্লুর রহমান বলেছেন, বাংলাদেশের অন্যান্য ডিভিশনাল শহরের মতো রাজশাহী শহরেও বিভিন্ন চ্যালেঞ্জ বিরাজ করছে। তিনি স্টেকহোল্ডারদের সার্বিক সহযোগিতা নিয়ে রাজশাহীকে একটি নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে চান।
আজ রোববার (৩০ নভেম্বর) দুপুরে আরএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে রাজশাহীতে কর্মরত বিভিন্ন সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় কমিশনার এসব কথা বলেন।
এর আগে সকালে তিনি আরএমপির ৩৩তম কমিশনার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।সভায় সাংবাদিকরা নতুন কমিশনারকে শহরের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
বিশেষ করে মাদক নিয়ন্ত্রণ, যানজট (ট্রাফিক ম্যানেজমেন্ট), আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে তারা বিস্তারিত তথ্য দেন।ড. জিল্লুর রহমান সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং এই চ্যালেঞ্জগুলো মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তার প্রধান চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে:
ট্রাফিক ম্যানেজমেন্ট।
মাদক নিয়ন্ত্রণ।
সিসিটিভি স্থাপনসহ অন্যান্য নিরাপত্তা বিষয়।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) নাজমুল হক, উপকমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম, উপকমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান প্রমুখ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন