ডিসেম্বর ৪, ২০২৫, ১১:০২ পিএম
ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশ আমাদের সবার। জাতীয় জীবনে নানা বিষয়ে বিভেদ থাকতে পারে, কিন্তু ইসলামের বিষয়ে সারাদেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি মনে করেন, বিভেদ মানুষকে ধ্বংস করে দেয়,
কিন্তু ঐক্যবদ্ধ থাকলে ইসলাম বহুদূর এগিয়ে যাবে এবং রাষ্ট্রের প্রতিটি স্তরে প্রভাব ফেলতে সক্ষম হবে। বিচ্ছিন্ন থাকলে তা কোনোভাবেই সম্ভব হবে না বলেও তিনি মন্তব্য করেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত আন্তর্জাতিক কিরাত সম্মেলন-২০২৫ -এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. খালিদ হোসেন আরও বলেন, সব সূচকে বাংলাদেশ এখন পাকিস্তানের চেয়ে এগিয়ে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন যে দেশে দুর্নীতি ও অর্থ চুরি করে বিদেশে পাচার বন্ধ করতে পারলে বাংলাদেশ পৃথিবীর বহু দেশকে ছাড়িয়ে যাবে। তিনি কঠোর ভাষায় বলেন, দেশের সম্পদ চুরি করে যারা বিদেশে পাচার করে, তারা দেশপ্রেমিক নয়। আমরা দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে চাই।উপদেষ্টা জানান, তিনি বাংলাদেশের দুটি বড় জেলখানা ভিজিট করেছেন এবং সেখানে কারাগারের ভেতরে কোরআন পড়ার ব্যবস্থা ছিল।
তিনি এই ব্যবস্থা আরও বাড়িয়ে দিয়েছেন এবং ভবিষ্যতে আরও বাড়ানোর আশ্বাস দেন। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোরআনের তালিম চালু করার কথা জানান তিনি। কুমিল্লা ঈদগাহ ময়দানে এই প্রথম আয়োজিত এই আন্তর্জাতিক কিরাত সম্মেলন আল-কোরআন একাডেমি, কুমিল্লার উদ্যোগে আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের কারি শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী, মিশরের শাইখ আহমাদ আল জাওহারী, পাকিস্তানের কারি আনওয়ারুল হাসান শাহ বুখারী, ইরানের কারি মাহদী গোলাম নেযাদ, ফিলিপাইনের কারি মুহাম্মাদ নাযীর আসগারসহ বিভিন্ন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারিরা তিলওয়াত পরিবেশন করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন