ডিসেম্বর ৪, ২০২৫, ১১:০৬ পিএম
জুলাই গণঅভ্যুত্থানের সময় দিনাজপুরে রবিউল ইসলাম রাহুল হত্যা মামলায় আপন দুই ভাই সাবেক বিচারপতি এম ইনায়েতুর রহিম ও সাবেক হুইপ ইকবালুর রহিমসহ মোট ১৫৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র বা চার্জশিট দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
মামলার তদন্তকারী কর্মকর্তা দিনাজপুর পিবিআই পুলিশ পরিদর্শক প্রদীপ কুমার রায় এই তথ্য নিশ্চিত করেছেন। মামলার বাদী রুহান হোসেন জেলা যুবদলের সদস্য। এই ঘটনা সারাদেশে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
চার্জশিটে তালিকাভুক্ত আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং তার আপন ভাই সাবেক হুইপ ইকবালুর রহিম।
এছাড়াও দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, সহসভাপতি ফরিদুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আবু ইবনে রজব, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং যুবলীগ, ছাত্রলীগ নেতাসহ মোট ১৫৬ জন।পিবিআই সূত্র জানিয়েছে, এই ঘটনায় কোতোয়ালি থানায় পৃথক তিনটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার নির্দেশে মামলাগুলো একত্রে তদন্ত কার্যক্রম চালানো হয়।
তদন্ত কার্যক্রমে প্রাপ্ত আলামত, সাক্ষীদের জবানবন্দি ও সার্বিক তথ্যের ভিত্তিতে গত ২৭ নভেম্বর দিনাজপুর সদর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৫৬ জন আসামির বিরুদ্ধে বিচারের জন্য এই চার্জশিট পেশ করা হয়। সূত্রটি আরও জানায়, মামলায় সরকারি ও বেসরকারি পর্যায়ে ৫৯ জনকে সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আলামত হিসেবে শহীদ রবিউল ইসলাম রাহুলের শরীর থেকে অস্ত্রোপচারের মাধ্যমে বের করা ছররা গুলি, তার পরনের রক্তমাখা জামা-কাপড়সহ অন্য আলামত জব্দ করে আদালতে জমা দেওয়া হয়েছে।
মামলার চার্জশিটে অভিযোগ করা হয়, গত বছর ৪ আগস্ট দিনাজপুর জেলা স্কুলের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি মিছিল রাস্তা দিয়ে যাওয়ার সময় আসামিদের পরোক্ষ ও প্রত্যক্ষ উসকানি, প্ররোচনা এবং তাদের নির্দেশে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্রসহ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। আসামিদের হামলায় জুলাই যোদ্ধা রবিউল ইসলাম রাহুলসহ আরও বেশ কয়েকজন গুলিবিদ্ধ ও আহত হন।
পরে গুরুতর আহত রাহুলের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং ৯ আগস্ট রাহুল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত রবিউল ইসলাম রাহুল (২১) সদর উপজেলার রানীগঞ্জ ইয়াহিয়া হোসেন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন