ডিসেম্বর ৫, ২০২৫, ১১:১৪ এএম
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেছেন, জুলাই আন্দোলনের পর জাতীয় রাজনৈতিক দলগুলোর মধ্যে আমূল পরিবর্তন হওয়ার কথা ছিল। কিন্তু বিশেষ একটি মহলের মধ্যে কোনো পরিবর্তন আসেনি। তিনি অভিযোগ করে বলেন,
কেউ কেউ জুলাইকে ১৯৭১ সালের মতো ব্যবসায়িক কার্ড হিসেবে ব্যবহার করছে এবং জুলাই আন্দোলনের ক্রেডিটের রাজনীতি করতে গিয়ে জুলাইয়ের স্পিডকে তারা হারিয়ে ফেলছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে পাবনার সাঁথিয়ার ফুটবল মাঠে আয়োজিত বিশাল ছাত্র ও যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মো. জাহিদুল ইসলাম বলেন, “জুলাইকে তারা বিক্রি করে কোটি কোটি টাকা কামাই করছে। আজকে সচিবালয়ে, মন্ত্রণালয়গুলোতে যান, এখনও দুর্নীতি বন্ধ হয়নি। এজন্য কি শহীদরা জীবন দিয়েছে? এজন্য কি শহীদ পরিবারে আজও কান্না চলছে? জুলাইয়ের পর আবার বাংলাদেশে দুর্নীতি চলবে, এটা হবে না।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আপনারা ভালো হয়ে যান, ইতিহাস থেকে শিক্ষা নিন। তিনি নিশ্চিত করে বলেন, "বাংলাদেশে আর কোনো সন্ত্রাসবাদ চলবে না। আর চাঁদাবাজির রাজনীতি চলবে না। দুর্নীতির রাজনীতি চলবে না।
হত্যা করার রাজনীতিও চলবে না।" তিনি কাঁদা ছুঁড়াছুরির রাজনীতি বন্ধ করে নিজস্ব রাজনৈতিক এজেন্ডা নিয়ে হাজির হওয়ার আহ্বান জানান এবং সারাদেশে সৎ মানুষের রাজনীতি চলবে বলে মন্তব্য করেন।শিবির সভাপতি আওয়ামী লীগের অতীত রাজনীতির সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ ২০০৬ সালে লগি-বৈঠার মাধ্যমে হত্যা করে লাশের ওপর নৃত্য করেছিল। এরপর ক্ষমতায় এসেই দেশপ্রেমিক সেনা অফিসারদের হত্যা করেছে শেখ হাসিনা।
তিনি অভিযোগ করেন, দিল্লির কাছে দেশকে ইজারা দিতে এসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তিনি শাপলা চত্বরে আলেমদের গণহত্যার কথাও উল্লেখ করেন। জাহিদুল ইসলাম বলেন, জুলাই কোনো হঠাৎ ঘটনা নয়, এটি বহু দিনের জাগরণ ছিল এবং আদর্শিক ভিত্তি থেকেই জুলাই সংগঠিত হয়েছে। সম্মেলনে তিনি ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনকে উদ্দেশ্য করে বলেন, নাজিবুর রহমান মোমেন তরুণ প্রজন্মের আইকন এবং তিনি বিশ্ব ইসলামী আন্দোলনে নেতৃত্ব দেবেন।
সাঁথিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মোখলেছুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ব্যরিস্টার নাজিবুর রহমান মোমেন এবং ডাকসুর ভিপি আবু সাদিক কায়েমসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন