আবু সালেহ মো. রায়হান
ডিসেম্বর ৯, ২০২৫, ০২:২৭ পিএম
ছবি-দিনাজপুর টিভি
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে রিনা আক্তার (৪৫) নামে এক শিক্ষিকা নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তাঁর স্বামী সাইফুল ইসলাম (৫৩)।আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পঞ্চগড় পৌরসভার তেলিপাড়া এলাকায় পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত রিনা আক্তার দেবীগঞ্জ উপজেলার মুন্সীপাড়া এলাকার বাসিন্দা এবং দেবীগঞ্জ পারফেক্ট একাডেমির প্রধান শিক্ষিকা ছিলেন। আহত স্বামী সাইফুল ইসলাম শেখবাঁধা রেয়াজিয়া দাখিল মাদ্রাসার সুপার।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে অফিসিয়াল কাজে মোটরসাইকেলযোগে দেবীগঞ্জ থেকে পঞ্চগড় শহরের দিকে আসছিলেন এই দম্পতি।
পরে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের সামনে পৌঁছালে একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে সড়কের স্পিড ব্রেকারে ধাক্কা লেগে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান তাঁরা। এসময় ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান রিনা আক্তার। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ মরদেহ উদ্ধার করে।ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, দুর্ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী অবৈধ স্পিড ব্রেকার অপসারণের দাবিতে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষুব্ধরা সড়ক থেকে সরে যায়।