রবিউল এহ্সান রিপন
ডিসেম্বর ২২, ২০২৫, ০৪:৪৩ পিএম
ছবি-দিনাজপুর টিভি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলা পুলিশের বিশেষ অভিযানে বালিয়াডাঙ্গী উপজেলা থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও ১৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খোদাদাদ হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বালিয়াডাঙ্গী থানা এলাকায় এক সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি চৌকস দল বড় পলাশবাড়ী ইউনিয়নের বালিয়া পুকুর কবরস্থান সংলগ্ন এলাকায় তল্লাশি চালায়।
এসময় কবরস্থানের পাশে পরিত্যক্ত অবস্থায় একটি ৭.৬৫ এমএম বোরের বিদেশি পিস্তল (২টি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলিসহ) এবং একটি ৯ এমএম বোরের বিদেশি পিস্তল (২টি ম্যাগজিন ও ৭ রাউন্ড গুলিসহ) উদ্ধার করা হয়।অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাস দমনে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই বিশেষ অভিযান আগামীতে আরও জোরদার করা হবে।উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে বালিয়াডাঙ্গী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।