ডিসেম্বর ২৭, ২০২৫, ১০:৫১ এএম
কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ ‘দ্যা আটলান্টিক ক্রুজ’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে লাগা এই আগুনে দগ্ধ হয়ে জাহেদ হোসেন নামে জাহাজের এক কর্মীর মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সেন্টমার্টিন যাওয়ার জন্য পর্যটক নিতে জাহাজটি ঘাটে আসছিল।
পর্যটকরা জাহাজে ওঠার আগেই হঠাৎ সেটির ইঞ্জিন কক্ষ বা ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো জাহাজে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে ততক্ষণে জাহাজটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বা পুড়ে ছাই হয়ে যায়।নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম জানান, সৌভাগ্যবশত পর্যটকরা তখনও জাহাজে ওঠেননি, ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে। তবে জাহাজের এক কর্মী অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন।
ওই সময় জাহাজে থাকা অন্যান্য চালক ও কর্মচারীদের নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহিদুল আলম জানিয়েছেন, আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত শুরু হয়েছে। বর্তমানে ওই রুটে অন্য জাহাজে করে পর্যটকদের পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন