ডিসেম্বর ২৭, ২০২৫, ০৩:২৪ পিএম
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। এ সময় দোকানের ভেতরে আটকা পড়ে সাব্বির হোসেন (১৫) নামে এক কিশোর কর্মচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সাহার বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাব্বির একই ইউনিয়নের শালদহ গ্রামের আরিফ হোসেনের ছেলে। সে স্থানীয় জয়নাল আবেদীনের ভ্যারাইটিজ স্টোরে কাজ করত।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে জয়নালের ভ্যারাইটিজ স্টোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।
আগুন লাগার সময় সাব্বির দোকানের ভেতরে ছিল। দোকানের সামনের দিকে আগুন জ্বলতে থাকায় এবং পেছনের দরজায় তালা থাকায় সে বের হতে পারেনি। ফলে সে ভেতরেই অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারায়।সংবাদ পেয়ে ফরিদগঞ্জ ও পার্শ্ববর্তী হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে জয়নালের ভ্যারাইটিজ স্টোর ছাড়াও ডা. ইমাম হোসেনের ফার্মেসি, নজরুল ইসলামের মাছের খাদ্যের দোকান।
জহির হোসেনের ওয়ার্কশপ, রুবেলের সাইকেল গ্যারেজ এবং মাওলানা শাহ আলমের হার্ডওয়্যার দোকানসহ মোট ৬টি প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল নষ্ট হয়েছে বলে দাবি করা হচ্ছে।ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সরকারের কাছে জরুরি সহায়তার আবেদন জানিয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন