জানুয়ারি ৪, ২০২৬, ১২:২০ পিএম
রাজশাহীর বাঘা উপজেলার দুর্গম চরাঞ্চলে গভীর রাতে ঘরে ঢুকে সোহেল রানা (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশি ফতেপুর করালি নওশারার চরে এ ঘটনা ঘটে।
নিহত সোহেল রানা ওই চরের কালু মন্ডলের ছেলে। এ ঘটনায় সোহেলের স্ত্রী ও মেয়েও আহত হয়েছেন।নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে সোহেল ও তাঁর স্ত্রী ঘরে ঘুমিয়ে ছিলেন।
গভীর রাতে একদল সশস্ত্র সন্ত্রাসী ঘরের টিনে আঘাত করে আতঙ্ক সৃষ্টি করে। আশপাশের লোকজন বেরিয়ে আসতে চাইলে সন্ত্রাসীরা গুলি করার হুমকি দেয়।
একপর্যায়ে সন্ত্রাসীরা ঘরের টিন কেটে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। সোহেলের স্ত্রী স্বামীকে বাঁচাতে কাঁথা-কম্বল দিয়ে ঢেকে রাখার চেষ্টা করলেও সন্ত্রাসীদের ছোড়া গুলি তাঁর পেটে লাগে। এতে ঘটনাস্থলেই সোহেলের মৃত্যু হয়। এ সময় তাঁর স্ত্রী ও মেয়েও সামান্য আহত হন, তাঁদের বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাঘা থানার পুলিশের পরিদর্শক (ওসি-তদন্ত) সুপ্রভাত মন্ডল জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে—পূর্ববর্তী একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিরোধের জেরে দুর্বৃত্তরা এই হামলা চালিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং অপরাধীদের শনাক্ত করতে অভিযান শুরু করেছে পুলিশ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন