সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

গাজীপুরের ঝুট গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৮, ২০২৬, ০৬:৪৩ পিএম

গাজীপুরের ঝুট গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

গাজীপুর মহানগরীর কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ি এলাকায় একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে লাগা এই আগুন দ্রুত আশপাশের গুদামগুলোতে ছড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে।

বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট একযোগে কাজ করছে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে উদ্ধারকর্মীদের।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে মহানগরীর দেওয়ালিয়াবাড়ি কাঁঠালতলা এলাকায় অবস্থিত আরিফ মোল্লার ঝুটের গোডাউনে বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে প্রথম আগুনের সূত্রপাত হয়।

স্থানীয়রা প্রথমে গোডাউনের ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন। ঝুট অত্যন্ত দাহ্য পদার্থ হওয়ায় মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের বেশ কয়েকটি গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোনাবাড়ি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। তবে আগুনের ভয়াবহতা দেখে পরবর্তীতে সারাবো ও ডিবিএল ফায়ার স্টেশন থেকে আরও চারটি ইউনিট তলব করা হয়।

কোনাবাড়ি মডার্ন ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইনস্পেক্টর সাইফুল ইসলাম জানিয়েছেন বর্তমানে ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। তিনি আরও জানান যে ওই এলাকায় পাশাপাশি অনেকগুলো ঝুটের গুদাম থাকায় আগুন দ্রুত সবগুলোতে ছড়িয়ে পড়েছে।

আগুনের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পানির স্বল্পতা ও ঘিঞ্জি পরিবেশের কারণে ফায়ার সার্ভিসের কর্মীদের কাজ করতে বেগ পেতে হচ্ছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে গুদামগুলোতে থাকা বিপুল পরিমাণ ঝুট ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।