জানুয়ারি ১০, ২০২৬, ০৬:৫৬ পিএম
বিগত ১৫ বছর রাজনৈতিক প্রভাবে পুলিশ বাহিনীকে যেভাবে ‘দলীয় পুলিশে’ পরিণত করা হয়েছিল, সেই কলঙ্ক মুছে বাহিনীকে পুনরায় স্ব-মহিমায় ফেরানোর দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
শনিবার (১০ জানুয়ারি) রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে রংপুর রেঞ্জ ও মহানগর পুলিশের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, বিগত ১৫ বছরে পুলিশ দলীয় রূপ নেওয়ায় আমাদের মধ্যে নানা বিচ্যুতি তৈরি হয়েছিল এবং আমরা গণবিরোধী কাজ করেছি।
জুলাই-আগস্টের আন্দোলনে বিপুল সংখ্যক আন্দোলনকারীর প্রাণের যে দায়ভার আমাদের ওপর এসেছে, তা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি। পুলিশকে পুনরায় জনগণের আস্থাভাজন ও মনোবল বৃদ্ধি করতে গত এক বছর ধরে নিরলস কাজ চলছে।আসন্ন নির্বাচন নিয়ে বাহারুল আলম জানান, বিগত ১৫ বছরের প্রশ্নবিদ্ধ নির্বাচনগুলোর কারণে পুলিশের স্বচ্ছ ধারণা ছিল না। তাই দেড় লাখ সদস্যকে বিশেষ প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। এরই মধ্যে ১ লাখ ৩৩ হাজার সদস্যের প্রশিক্ষণ শেষ হয়েছে এবং ২০ জানুয়ারির মধ্যে বাকিদের প্রশিক্ষণ সম্পন্ন হবে।
আইজিপি উল্লেখ করেন, নির্বাচনে পুলিশের পাশাপাশি ৬ লাখ আনসার সদস্য এবং সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি ও কোস্টগার্ড মাঠে থাকবে। ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে সরকার প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের চেষ্টা করছে। এছাড়া ঝুঁকিপূর্ণ ও মধ্যম ঝুঁকিপূর্ণ মোট ২৪ হাজার কেন্দ্রে দায়িত্বরত পুলিশের জন্য ‘বডি ওর্ন ক্যামেরা’ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
অস্ত্র উদ্ধার অভিযানে গত ১৩ ডিসেম্বর থেকে এ পর্যন্ত ২৫১টি দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান আইজিপি। তিনি বলেন, শত শত অস্ত্র একবারে উদ্ধার সম্ভব না হলেও অভিযান অব্যাহত আছে।ব্রিফিংকালে রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন