আবু সালেহ মো রায়হান
জানুয়ারি ১১, ২০২৬, ১১:৩৭ পিএম
ছবি-দিনাজপুর টিভি
পঞ্চগড়ে ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে গেছেন জেলা প্রশাসক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ। রবিবার (১১ জানুয়ারি) বিকেলে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে গিয়ে তাঁরা আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজখবর নেন।
হাসপাতাল পরিদর্শনে গিয়ে জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান বলেন, আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিদর্শন শেষে জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার আমির ইকবাল হোসাইন বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগ কোনোভাবেই কাম্য নয়।
আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানাচ্ছি।জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) মুখ্য সংগঠক এবং পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম আহতদের দেখে ক্ষোভ প্রকাশ করে বলেন, রাষ্ট্র সংস্কারের এই সময়ে শিক্ষার্থীদের রক্ত ঝরানো অত্যন্ত দুঃখজনক।
দাবি আদায়ের লড়াইয়ে শিক্ষার্থীদের পাশে আমরা ছিলাম এবং থাকব। এই ঘটনার সুষ্ঠু বিচার বিভাগীয় তদন্ত হতে হবে।এদিন দুপুরে ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করতে গেলে সেনাবাহিনী ও শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে লাঠিচার্জে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।