বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

খুলনায় সিআইডি অফিসে ভয়াবহ আগুন, এসি বিস্ফোরণ

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১২, ২০২৬, ০৭:৪৬ পিএম

খুলনায় সিআইডি অফিসে ভয়াবহ আগুন, এসি বিস্ফোরণ

খুলনা নগরীর সিআইডি সদর দপ্তরে অগ্নিকাণ্ড ও এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ভবনের চতুর্থ তলায় রাসায়নিক পরীক্ষকের (Chemical Examiner) কক্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে কক্ষের ভেতরে থাকা আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জাম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো কক্ষে ছড়িয়ে পড়ে এবং উত্তাপে ভেতরে থাকা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিকট শব্দে বিস্ফোরিত হয়।

 ঘটনার পরপরই খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, আগুন লাগার পর এসির বিস্ফোরণ ঘটলে ভবনের কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 তবে ফায়ার সার্ভিসের দ্রুত হস্তক্ষেপে আগুন অন্য তলায় ছড়াতে পারেনি। ফায়ার সার্ভিসের সাব-অফিসার আশরাফ হোসেন নিশ্চিত করেছেন যে, শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে এবং রাসায়নিক পরীক্ষকের কক্ষের আসবাবপত্রগুলো পুড়ে ছাই হয়ে গেছে। তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।