জানুয়ারি ২২, ২০২৬, ১০:৪৫ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের পঞ্চগড়-১ আসনের প্রার্থী সারজিস আলম বলেছেন, শুধু পঞ্চগড় নয়, সারা দেশের মানুষই এখন পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ। মানুষের মধ্যে যে পরিবর্তন ও জাগরণের ঢেউ তৈরি হয়েছে, তা ইনশাআল্লাহ আগামী ১২ ফেব্রুয়ারির বিজয় পর্যন্ত পৌঁছাবে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত জনসভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এই মাঠেই ১০ দলীয় জোটের নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সারজিস আলম বলেন, দীর্ঘদিন ধরে যারা পুরনো ও ব্যর্থ ব্যবস্থার মাধ্যমে মানুষকে বারবার প্রতিশ্রুতি দিয়ে প্রতারিত করেছে, জনগণ এবার তাদের প্রত্যাখ্যান করবে।
নির্বাচনের সময় ছাড়া যাদের মাঠে দেখা যায় না, যারা সাধারণ মানুষের দুঃখ-কষ্টের সময় পাশে থাকে না, জনগণ তাদের আর গ্রহণ করবে না।"ভোটারদের মনোভাব তুলে ধরে তিনি বলেন, "কৃষক, শ্রমিক ও মজুরসহ সাধারণ মানুষের কাছে গেলে দেখা যায়, সবাই পরিবর্তনের পক্ষে। মানুষের বিবেকের ভেতরে এখন এক ধরনের জাগরণ তৈরি হয়েছে। মানুষ এবার দল, মার্কা বা পারিবারিক পরিচয়ের ভিত্তিতে নয়; বরং কে সবসময় মানুষের পাশে থাকে, কে অন্তত মানুষের ক্ষতি করেনি—সেই বিবেচনায় ভোট দেবে।
নির্বাচনী পরিবেশ নিয়ে অভিযোগ করে এনসিপি প্রার্থী বলেন, এখনো কিছু মানুষ ভয়ভীতি দেখিয়ে ভোট আদায়ের চেষ্টা করছে। কেউ কেউ ক্ষমতার অপব্যবহার করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এবং মামলা থেকে নাম কাটানোর নামে অর্থ আদায় করছে। এসব জনবিমুখ কর্মকাণ্ডে যারা জড়িত, জনগণ তাদের বয়কট করবে।আগামী জনসভা সম্পর্কে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, একটি বড় রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর সম্মানিত আমির নিজে পঞ্চগড়ে এসে জনসভার মাধ্যমে জোটের নির্বাচনী প্রচারণা শুরু করবেন। ইনশাআল্লাহ, এই জনসভা পরিবর্তনের আন্দোলনে নতুন গতি এনে দেবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন