জানুয়ারি ২২, ২০২৬, ১১:১১ পিএম
পঞ্চগড়-১ আসনে যুক্তফ্রন্ট মনোনীত প্রার্থী এবং বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান বলেছেন, “আগামীতে দেশে একটি শক্তিশালী বিরোধী দল দরকার, যাতে সরকার আর কখনো ফ্যাসিস্ট হতে না পারে। আমরা সেই শক্তিশালী বিরোধী দল হতে চাই।”
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে পঞ্চগড়ে শহীদ মিনার, বধ্যভূমি ও জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরুকালে তিনি এসব কথা বলেন।
এর আগে বিকেলে তিনি পঞ্চগড় শহরে পৌঁছালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। সেখানে এক সংক্ষিপ্ত পথসভায় নাজমুল হক প্রধান বলেন, এই জনপদকে বিদেশি শকুনের নজর থেকে রক্ষা করতে হবে—এটাই আমাদের এবারের নির্বাচনের শপথ।
এ লক্ষ্য অর্জনে তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং তার নির্বাচনী প্রতীক ‘মোটরগাড়ি’ মার্কায় ভোট প্রার্থনা করেন।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা জাসদের সভাপতি ও পঞ্চগড়-২ আসনের প্রার্থী অধ্যাপক এমরান আল আমিন এবং সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায়সহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
শ্রদ্ধা নিবেদন ও পথসভা শেষে নাজমুল হক প্রধান নেতাকর্মীদের নিয়ে একটি মিছিলসহকারে দলীয় কার্যালয়ে যান। এর আগে তিনি দিনের শুরুতে দেবীগঞ্জ ও বোদা উপজেলা সদরেও পৃথক পথসভায় বক্তব্য রাখেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন