বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

মোঃমোমিনুল ইসলাম

জানুয়ারি ২৩, ২০২৬, ০৫:৪৮ পিএম

পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

ছবি-দিনাজপুর টিভি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯০ পিস নিষিদ্ধ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে দিনাজপুর বিওপি’র একটি টহল দল বিশেষ অভিযান শুরু করে। অভিযানটি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সীমান্ত মেইন পিলার ৩৩৯ হতে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চন্দ্রা গ্রাম এলাকায় চালানো হয়। 

এ সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে ঘটনাস্থল তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৯০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ২৭ হাজার টাকা।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাদক কারবারিদের শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।তিনি আরও বলেন, "মাদকমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে সীমান্তে বিজিবির এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"