আবু সালেহ মো. রায়হান
জানুয়ারি ২৪, ২০২৬, ০১:৫৪ পিএম
ছবি-দিনাজপুর টিভি
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম বলেছেন, "আমাদের বিপুল পরিমাণ জনসংখ্যা আছে। তাদের জনশক্তিতে রূপান্তর করতে হলে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। সরকার কারিগরি শিক্ষাকে ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আয়োজিত এক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
"কারিগরি শিক্ষা নিলে বিশ্বজুড়ে কর্ম মিলে- একটাই লক্ষ্য হতে হবে দক্ষ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন কারিগরি, মাদ্রাসা, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষানুরাগী এবং বিভিন্ন মসজিদের ইমামসহ পাঁচ শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, "আমাদের দেশে মাদ্রাসা, সাধারণ ও কারিগরি শিক্ষা ব্যবস্থা চালু আছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের অধিকাংশ মানুষ কারিগরি শিক্ষার গুরুত্ব বুঝতে চান না। আমাদের ছেলে-মেয়েদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তাদের হাতে সার্টিফিকেট তুলে দিতে পারলে দেশে ও বিদেশে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত হবে।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী আনোয়ারুল আলম এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের রংপুর আঞ্চলিক কার্যালয়ের পরিচালক খন্দকার মো. নাহিদ হাসান।বক্তারা কর্মশালায় কারিগরি শিক্ষার প্রসার এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। মসজিদের ইমাম ও শিক্ষকদের মাধ্যমে সমাজের সর্বস্তরে কারিগরি শিক্ষার বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়।