জানুয়ারি ২৫, ২০২৬, ১০:৪৪ পিএম
পঞ্চগড় সদর উপজেলার পৃথক দুটি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬টি ভারতীয় গরু এবং বিভিন্ন প্রকার চোরাচালানের মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর টহল দল শনি ও রবিবার পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে। তবে এ ঘটনায় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।
রবিবার (২৫ জানুয়ারি) ৫৬ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ৫৬ বিজিবির অধীনস্থ মাগুরমারী বিওপির একটি টহল দল সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের সীমান্তে অভিযান চালায়।
সীমান্ত পিলার ৭৪২/১৭-এস এর অভ্যন্তরে বাংলাদেশের জোতহাসনা নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ৬টি ভারতীয় গরু উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য প্রায় ৪ লাখ ২৫ হাজার টাকা।
এর আগে, শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে একই ব্যাটালিয়নের অধীন শিংরোড বিওপির টহল দল সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের সীমান্তে অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ৭৬৭/২-এস এর অভ্যন্তরে বাংলাদেশের ছিটমহল নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় সাফেক্স নাগ ও রিভা কীটনাশক, ২ প্যাকেট জিরা গোল্ড, ৫ প্যাকেট চেরিফল, ৮ কেজি কমলা, ৬ কেজি পেঁয়াজ এবং একটি পুরাতন বাইসাইকেল উদ্ধার করা হয়।
এসব মালামালের আনুমানিক মূল্য ১৪ হাজার ৬১০ টাকা।নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। মাদকসহ যেকোনো চোরাচালান বন্ধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন