জানুয়ারি ২৮, ২০২৬, ১০:৩১ পিএম
দেশের বাজারে চালের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। আমদানি কার্যক্রম শুরুর পর স্থানীয় বাজারে কয়েক দিনের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে ৩ থেকে ৮ টাকা পর্যন্ত কমেছে।সরেজমিনে হিলির চালের বাজার ঘুরে দেখা গেছে, স্বর্ণা জাতের চাল আগে ৪৬ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ৪৩ টাকায় বিক্রি হচ্ছে।
সরু চাল ৭৩ টাকা থেকে কমে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি কমেছে শম্পা কাটারি জাতের চালের দাম। এই জাতের চাল আগে ৭০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে ৬২ টাকায়।চাল বিক্রেতারা জানান, আমদানির ফলে বাজারে সরবরাহ বেড়েছে, যার প্রভাব পড়েছে দামে।
এছাড়া সরকারের ওএমএস কার্যক্রমের কারণেও বাজারে বাড়তি চাহিদার চাপ কমেছে। চাল আমদানিকারক দীনেশ পোদ্দার জানান, সরকার ২৩২ জন আমদানিকারককে চাল আমদানির অনুমতি দেওয়ার পর হিলি দিয়ে নিয়মিত চাল আসছে। আমদানি আরও বাড়লে দাম আরও কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।
হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা ইউসুফ আলী জানান, গত ৩০ নভেম্বরের পর আমদানি বন্ধ থাকলেও সরকারের বিশেষ অনুমতির পর ২১ জানুয়ারি থেকে নিয়মিত চালবোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করছে। এতে চালের বাজারে অস্থিরতা কেটে জনমনে স্বস্তি ফিরতে শুরু করেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন