ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১২:১১ এএম
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের ঠিক আগের রাতে নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচর উপজেলায় নির্বাচনী সহিংসতায় এক নারীসহ বিএনপির দুই কর্মী গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ও রাতে পৃথক এই হামলার ঘটনা ঘটে। আহতরা বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ধানের শীষের কর্মী মো. জসিম উদ্দিনের ওপর হামলার অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট ও এনসিপি প্রার্থী আব্দুল হান্নান মাসউদের অনুসারীদের বিরুদ্ধে।
বুধবার রাত ৭টার দিকে চানন্দী ইউনিয়নের শিউলি-একরাম বাজারে এনসিপি সমর্থক দিদার হোসেনের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে জসিমকে কুপিয়ে জখম করা হয় বলে অভিযোগ। পরে টহলরত নৌবাহিনীর সদস্যরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে।
হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলা উদ্দীন রনি অভিযোগ করেন, “পরাজয় নিশ্চিত জেনে হান্নান মাসউদ ভীতি প্রদর্শন করছেন।” তবে অভিযোগ অস্বীকার করে এনসিপি প্রার্থী আব্দুল হান্নান মাসউদ পাল্টা দাবি করেন, “বিএনপি প্রার্থীর লোকেরাই আমাদের বাড়িঘরে হামলা চালিয়ে পরিবেশ নষ্ট করছে।
অন্যদিকে, গতকাল বিকেলে সুবর্ণচর উপজেলার আল-আমিন বাজার এলাকায় দুর্বৃত্তদের হামলায় বিএনপির নারী কর্মী তানিয়া গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, তাকে রক্তাক্ত অবস্থায় খালের পাশ থেকে উদ্ধার করা হয়। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া এই ন্যাক্কারজনক হামলার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা সতর্ক অবস্থানে রয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন