শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

ভোটে জিতে হাঁস কোলে নিয়ে যা বললেন রুমিন ফারহানা

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৪:০০ পিএম

ভোটে জিতে হাঁস কোলে নিয়ে যা বললেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি জোটের প্রার্থীকে বড় ব্যবধানে হারিয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। নির্বাচনে ‘হাঁস’ প্রতীক নিয়ে লড়ে তিনি ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের জুনায়েদ আল হাবীব খেজুর গাছ প্রতীকে পেয়েছেন ৮০ হাজার ৪৩৪ ভোট। ৩৮ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়ে শুক্রবার দুপুরে নিজ বাড়িতে এক ব্যতিক্রমী সংবাদ সম্মেলন করেন তিনি। 

সেখানে তাকে একটি সাদা হাঁস কোলে নিয়ে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায়।সংবাদ সম্মেলনে রুমিন ফারহানা তার রাজনৈতিক জীবনের কঠিন লড়াইয়ের কথা তুলে ধরেন। 

তিনি বলেন আমার চেয়েও কঠিন লড়াই ছিল আমার কর্মীদের জন্য। গত ১৭ বছর তারা ঘরে ঘুমাতে পারেনি এবং আমাকে সমর্থন দেওয়ায় দল থেকে বহিষ্কৃত হয়েছে। এই কর্মীদের ভালোবাসার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না। তিনি অভিযোগ করেন নির্বাচনের দিন বিভিন্ন কেন্দ্রে জাল ভোট ও ফলাফল আটকে রাখার চেষ্টা করা হয়েছে। 

জালিয়াপাড়া কেন্দ্রে তিনি নিজে গিয়ে জালিয়াতি ঠেকিয়েছেন বলেও দাবি করেন।প্রতীক হিসেবে কেন হাঁস বেছে নিলেন এমন প্রশ্নের জবাবে রুমিন তার শৈশবের স্মৃতি রোমন্থন করেন। তিনি জানান ছোটবেলায় মায়ের চাকরির সুবাদে বড় সরকারি বাসায় থাকার সময় তিনি অনেক হাঁস-মুরগি ও কবুতর পালতেন। পরবর্তীতে অ্যাপার্টমেন্টে চলে আসায় সেই অভ্যাস বন্ধ হয়ে যায়। তবে ব্রাহ্মণবাড়িয়াতে এখনও তার অনেক হাঁস-মুরগি আছে এবং অবসরে তিনি সেগুলোর সাথেই সময় কাটান। সেই ভালোলাগা থেকেই তিনি হাঁস মার্কা বেছে নিয়েছেন এবং ভোটাররা তাকে নিরাশ করেননি।

বিএনপি থেকে বহিষ্কৃত এই নেত্রী জানান তিনি যদি ভবিষ্যতে আবারও নির্বাচনে লড়তে চান তবে কাজ করা ছাড়া তার কোনো বিকল্প নেই। এলাকার উন্নয়নে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। দল তাকে পুনরায় ফিরিয়ে নেবে কি না এমন প্রশ্নে তিনি শর্ত জুড়ে দিয়ে বলেন বিএনপি তাকে ফেরাতে চাইলে তার সাথে বহিষ্কৃত হওয়া সকল নেতাকর্মীকেও সসম্মানে ফিরিয়ে নিতে হবে। রুমিন ফারহানার এই অভাবনীয় জয় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের রাজনৈতিক সমীকরণ পুরোপুরি বদলে দিয়েছে।