বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬,

গাইবান্ধা-৫ আসনে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

মোস্তাফিজুর রহমান

ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৫:৫০ পিএম

গাইবান্ধা-৫ আসনে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

হাসান মেহেদী বিদ্যুতের বক্তব্য

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হাসান মেহেদী বিদ্যুৎ সদ্য সমাপ্ত নির্বাচনের ফলাফল ও সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন। বুধবার ১৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুরে সাঘাটা উপজেলার উত্তর উল্যা এলাকায় নিজ বাসভবনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে তিনি নির্বাচনের দিনের অভিজ্ঞতা এবং মাঠপর্যায়ের নানা পরিস্থিতির তথ্য সাংবাদিকদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরেন।

লিখিত বক্তব্যে হাসান মেহেদী বিদ্যুৎ জানান, নানা অনিশ্চয়তা ও শঙ্কার মধ্যেও এই আসনে ৫৭.৪৯ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে অংশ নেওয়া মোট নয়জন প্রার্থীর মধ্যে নিজেকে একমাত্র প্রকৃত স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাবি করে তিনি বলেন, 

প্রাথমিক পর্যায়ে মনোনয়নপত্র বাতিল ও পরবর্তী দীর্ঘ আপিল প্রক্রিয়ার কারণে তার নির্বাচনী প্রচার-প্রচারণা ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে। আইনি লড়াইয়ের কারণে নির্বাচনী মাঠে সময় কম পাওয়ায় তিনি মূল প্রতিযোগিতায় কিছুটা পিছিয়ে পড়েন বলে উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন যে, নির্বাচনের আগে এবং ভোটের দিন বিভিন্ন কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ, গুজব ও অনিয়মের ঘটনা ঘটেছে। বিশেষ করে তার প্রার্থিতা প্রত্যাহার করা হয়েছে বলে ভুল তথ্য ছড়ানো এবং পরিকল্পিতভাবে কেন্দ্র থেকে তার নির্বাচনী এজেন্টদের সরিয়ে দেওয়ার অভিযোগ তোলেন তিনি। তিনি আরও দাবি করেন, অধিকাংশ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হলেও কিছু সুনির্দিষ্ট কেন্দ্রে অনিয়ম ও প্রভাব বিস্তারের ঘটনা ঘটেছে বলে মাঠপর্যায়ের তথ্যের ভিত্তিতে তিনি জানতে পেরেছেন।

উল্লেখ্য, এই নির্বাচনে জামায়াত সমর্থিত প্রার্থী মোঃ আব্দুল ওয়ারেছ বিজয়ী হয়েছেন। সংবাদ সম্মেলনে হাসান মেহেদী বিদ্যুৎ গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিজয়ী প্রার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সাথে নিজের ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়ে আগামী ১৪তম জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারও স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করার দৃঢ় ঘোষণা দেন।