রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বাজার নিয়ন্ত্রণে মাঠে জেলা প্রশাসন: কমছে না দাম

আবু সালেহ মোঃ রায়হান

ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৮:০৯ পিএম

বাজার নিয়ন্ত্রণে মাঠে জেলা প্রশাসন: কমছে না দাম

বাজারে তদারকি করছেন এডিসি :ছবি-দিনাজপুর টিভি

পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এবং বাজার নিয়ন্ত্রণে নিয়মিত তদারকি কার্যক্রম শুরু করেছে পঞ্চগড় জেলা প্রশাসন। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসনের উদ্যোগে শহরের বিভিন্ন বাজারে এই মনিটরিং অভিযান পরিচালিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাসের নেতৃত্বে এই বিশেষ অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়।

অভিযান চলাকালে অতিরিক্ত জেলা প্রশাসক শহরের ছোট-বড় বিভিন্ন দোকান ও নিত্যপণ্যের আড়ত পরিদর্শন করেন। এ সময় তিনি ব্যবসায়ীদের পণ্যের দাম না বাড়ানো এবং বাজারে কোনো প্রকার কৃত্রিম সংকট তৈরি না করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন। 

তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, রমজানে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় রেখে পণ্য বিক্রয় করতে হবে। অতিরিক্ত মুনাফার আশায় মজুদদারি বা কারসাজি করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

বাজার মনিটরিংকালে প্রশাসনের কর্মকর্তারা ব্যবসায়ীদের ক্রয় রসিদ এবং মূল্য তালিকা প্রদর্শনের বিষয়টিও খতিয়ে দেখেন। তারা মনে করেন, নিয়মিত তদারকি করলে ব্যবসায়ীদের মধ্যে দায়বদ্ধতা তৈরি হবে এবং বাজারে অসম প্রতিযোগিতা বন্ধ হবে। জেলা প্রশাসনের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল।এদিকে বাজারে প্রশাসনের অভিযান চলাকালে সাধারণ ক্রেতারা তাদের প্রতিক্রিয়ায় জানান, তদারকি কার্যক্রম অব্যাহত রাখা জরুরি। 

তবে ক্রেতাদের অভিযোগ, প্রশাসনের অভিযানের খবর পেয়ে অনেক সময় ব্যবসায়ীরা দাম সাময়িকভাবে কমিয়ে রাখলেও পরে তা আবার বাড়িয়ে দেন। সাধারণ মানুষ বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি পন্যের দাম আরও কমিয়ে আনার দাবি জানান। জেলা প্রশাসন জানিয়েছে, রমজান মাস জুড়ে জনস্বার্থে এই বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।