শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

সাতক্ষীরায় বিএনপি কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ২, ২০২৬, ০১:৫৭ পিএম

সাতক্ষীরায় বিএনপি কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

সাতক্ষীরায় পোড়া আসবাবপত্র

সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ন বিএনপি কার্যালয়ে গভীর রাতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল রোববার দিবাগত রাত আনুমানিক একটার দিকে ইউনিয়নের রাইচমিল মোড় এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে হঠাৎ কার্যালয় থেকে আগুনের শিখা ও ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। 

তারা প্রাথমিক অবস্থায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলেন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মহব্বত আলী সরদার অভিযোগ করেছেন যে, রাজনৈতিক প্রতিপক্ষ বা কোনো স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে পেট্রল ঢেলে কার্যালয়টিতে আগুন দিয়েছে। 

তিনি দাবি করেন, আগুনে দলীয় কার্যালয়ে থাকা বেশ কিছু প্লাস্টিকের চেয়ার এবং আলমারিতে সংরক্ষিত গুরুত্বপূর্ণ সাংগঠনিক কাগজপত্র পুড়ে নষ্ট হয়ে গেছে। এই ঘটনাকে একটি নাশকতা হিসেবে উল্লেখ করে তিনি এর সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। 

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম লুৎফর কবির গণমাধ্যমকে বলেন, খবর পাওয়ার পর তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সেখান থেকে একটি খালি পেট্রলের বোতল উদ্ধার করা হয়েছে। তবে কার্যালয়টি তালাবদ্ধ ছিল না কি না এবং আগুনের সঠিক কারণ কী তা নিবিড়ভাবে খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বর্তমানে ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।