মার্চ ৬, ২০২৬, ০৬:৫৩ পিএম
পঞ্চগড় জেলা শহরের ঐতিহ্যবাহী ‘নিউ সিটি অফসেট প্রিন্টিং প্রেস’ জবরদখল চেষ্টার অভিযোগ তুলেছেন রেহেনা আক্তার নামে এক নারী উদ্যোক্তা। একই সঙ্গে তাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন তিনি। বর্তমানে ব্যবসা প্রতিষ্ঠানটি তালাবদ্ধ থাকায় দুই মেয়ে নিয়ে জীবিকা নির্বাহে কঠিন সংকটে পড়েছেন এই নারী। শুক্রবার বিকেলে পঞ্চগড় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রেহেনা আক্তার জানান, ১৯৮০ সালে পঞ্চগড় বাজারের কদমতলা এলাকায় ৫ দশমিক ৬২ শতক জমিতে তার স্বামী গোলাম রব্বানী বানী ‘সিটি স্টিল’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন।
পরবর্তীতে ২০০৭ সালে ওই স্থানেই তিনি ‘নিউ সিটি অফসেট প্রিন্টিং প্রেস’ স্থাপন করেন। ২০২১ সালে গোলাম রব্বানী বানীর মৃত্যুর পর থেকে প্রতিষ্ঠানটি তার স্ত্রী রেহেনা আক্তার পরিচালনা করে আসছেন। ২০২৫ সালের মার্চ মাসে সরকারিভাবে নতুন ডিসিআর গ্রহণ করে তিনি নিয়মিত ব্যবসা পরিচালনা করছিলেন।
ভুক্তভোগী এই নারী উদ্যোক্তার অভিযোগ, গত ৩১ জানুয়ারি তার প্রয়াত স্বামীর ভাই ইকবাল কায়সার মিন্টুর স্ত্রী দিল আফরোজ ও মেয়ে সুমাইয়া কায়সার ভাড়াটে লোক নিয়ে প্রেসটি তালাবদ্ধ করে দেন। সে সময় স্থানীয় বণিক সমিতির মধ্যস্থতায় এক সপ্তাহ পর প্রেসটি খুলে দেওয়া হয়। তবে গত ৫ মার্চ আবারও বহিরাগত লোক নিয়ে প্রেসটি জবরদখলের চেষ্টা চালায় অভিযুক্তরা। এক পর্যায়ে বিরোধ এড়াতে বণিক সমিতির পক্ষ থেকে পুনরায় প্রেসটিতে তালা লাগিয়ে দেওয়া হয়।
রেহেনা আক্তার আক্ষেপ করে বলেন, দীর্ঘ চার দশক ধরে তার স্বামী এখানে ব্যবসা পরিচালনা করেছেন। বর্তমানে এই প্রেসটিই তাদের একমাত্র আয়ের উৎস। অথচ নিয়মতান্ত্রিকভাবে ব্যবসা পরিচালনার পরও তাকে বার বার বাধা দেওয়া হচ্ছে এবং উচ্ছেদের হুমকি দেওয়া হচ্ছে। প্রেসটি বন্ধ থাকায় তার অধীনে থাকা শ্রমিকরাও বর্তমানে কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছেন। আসন্ন ঈদের আগে ব্যবসা প্রতিষ্ঠানটি খুলে দিয়ে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে দিতে এবং দখলচেষ্টাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন