রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হরিপুরে বিএনপি নেতাসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা

রবিউল এহ্সান রিপন

মার্চ ১৪, ২০২৬, ০৮:০৫ পিএম

হরিপুরে বিএনপি নেতাসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা

আসামি ধরতে পুলিশের অভিযান-ছবি-দিনাজপুর টিভি

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে নিয়োগ পরীক্ষার নথিপত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় উপজেলা বিএনপির সভাপতিসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 এর আগে শুক্রবার (১৩ মার্চ) রাতে মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন অর রশিদ বাদী হয়ে হরিপুর থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে হরিপুর ইউএনও কার্যালয়ে মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী (আয়া ও পরিচ্ছন্নতা কর্মী) পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে ইউএনও’র কক্ষে উত্তরপত্র যাচাই চলাকালে উপজেলা বিএনপি সভাপতি জামাল উদ্দীনের নেতৃত্বে একদল নেতাকর্মী সেখানে প্রবেশ করেন। 

এ সময় তারা হট্টগোল সৃষ্টি করে এবং একপর্যায়ে ‍‍`মব‍‍` তৈরি করে পরীক্ষকদের কাছ থেকে উত্তরপত্র ও গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র ছিনিয়ে নিয়ে যান।এই মামলায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩৫ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। নামীয় আসামিদের মধ্যে রয়েছেন—হরিপুর উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন, বিএনপি নেতা মোখলেসুর রহমান, এরফান আলী, মো. ফারুক, মাসুদ রানা ও মো. উজ্জ্বলসহ আরও কয়েকজন। 

ঘটনার বিষয়ে ইউএনও রায়হানুল ইসলাম জানান, সরকারি নিয়ম মেনে কার্যক্রম চলাকালে আকস্মিক এই হামলা ও নথিপত্র ছিনতাইয়ের ঘটনাটি অনভিপ্রেত এবং প্রশাসনিক কাজে সরাসরি হস্তক্ষেপ।তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপি সভাপতি জামাল উদ্দীন দাবি করেন, নিয়োগ পরীক্ষায় আর্থিক লেনদেনের অভিযোগ জানাতে তারা সেখানে গিয়েছিলেন। 

কিন্তু ইউএনও বিষয়টি গুরুত্ব না দেওয়ায় কর্মীরা উত্তেজিত হয়ে কাগজপত্র নিয়ে আসে, যা পরে ফেরত দেওয়া হয়েছে। অন্যদিকে, হরিপুর থানার ওসি মো. আব্দুল হাকিম আজাদ জানান, সরকারি কাজে বাধা ও নথিপত্র ছিনতাইয়ের অভিযোগে মামলাটি গ্রহণ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।