রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ঘুষ ছাড়া কাজ করেন না ইউএনও তেঁতুলিয়ায় প্রতিবাদ সমাবেশ

আবু সালেহ মোঃ রায়হান

মার্চ ১৫, ২০২৬, ০৭:২১ পিএম

ঘুষ ছাড়া কাজ করেন না ইউএনও তেঁতুলিয়ায় প্রতিবাদ সমাবেশ

চেয়ারম্যানের প্রতিবাদ সমাবেশ -ছবি-দিনাজপুর টিভি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরুর বিরুদ্ধে ঘুষ দাবি ও হয়রানির অভিযোগে উত্তাল হয়ে উঠেছে শালবাহান ইউনিয়ন। "ইউএনও টাকা ছাড়া কাজ করেন না"—এমন অভিযোগ তুলে রবিবার (১৫ মার্চ) দুপুরে শালবাহান ইউনিয়ন পরিষদ চত্বরে এক বিশাল প্রতিবাদ সমাবেশ করেছেন ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম। 

সমাবেশে তিনি ইউএনও’র বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পের বিল আটকে রাখা এবং অপেশাদার আচরণের অভিযোগ আনেন।সমাবেশে চেয়ারম্যান আশরাফুল ইসলাম দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার বিরুদ্ধে মামলা থাকলেও স্থানীয় সরকার বিভাগ তাকে বহিষ্কার করেনি। তিনি নিয়মিত দাপ্তরিক কাজ করলেও ইউএনও তাকে প্রশাসনিকভাবে কোণঠাসা করার চেষ্টা করছেন। 

তিনি বলেন, "ভিজিএফ ও টিসিবি কার্যক্রমের তালিকা ও প্রচারণায় আমার নাম ব্যবহার না করতে ইউএনও কঠোরভাবে নিষেধ করেছেন। এমনকি ইউপি সদস্যদের প্ররোচিত করে আমার বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণ করানো হচ্ছে।

চেয়ারম্যান আরও অভিযোগ করেন যে, আজকের এই প্রতিবাদ সমাবেশে সাধারণ মানুষকে আসতে বাধা দেওয়া হয়েছে এবং অনেককে রাস্তা থেকে পুলিশ বা প্রশাসনিক ভয় দেখিয়ে ফেরত পাঠানো হয়েছে। সভায় উপস্থিত একজন ইউপি সদস্যও ইউএনও’র আচরণের বিষয়ে একই ধরণের ক্ষোভ প্রকাশ করেন।

উল্লেখ্য, এর আগে গত শনিবার একই ইস্যুতে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেছিলেন চেয়ারম্যান আশরাফুল ইসলাম। সে সময় ইউএনও আফরোজ শাহীন খসরু এই অভিযোগগুলোকে ‍‍`ভিত্তিহীন‍‍` বলে উড়িয়ে দিয়েছিলেন। তবে রবিবারের এই প্রতিবাদ সমাবেশের পর তেঁতুলিয়া উপজেলায় জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যকার এই সংঘাত নতুন মাত্রা ধারণ করেছে। বিষয়টি নিয়ে এখন পর্যন্ত জেলা প্রশাসনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।