মার্চ ১৭, ২০২৬, ০৩:৫১ পিএম
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আল হিদায়া ফাউন্ডেশন’। ‘আপনার দানে হাসবে তারা, ঈদ কাটবে খুশিভরা’—এই মূলমন্ত্রকে সামনে রেখে উপজেলার ভজনপুর এলাকায় দরিদ্র পরিবারগুলোর মাঝে ঈদ সামগ্রী ও খাদ্য সহায়তা বিতরণের প্রস্তুতি ও কার্যক্রম শুরু করেছে সংগঠনটি।
সংগঠন সূত্রে জানা গেছে, কোনো পরিবার যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে।
মূলত নিম্নআয়ের মানুষের আত্মসম্মানবোধ বজায় রাখতেই এই প্রতীকী মূল্য নির্ধারণ করেছে ফাউন্ডেশন কর্তৃপক্ষ। প্রথম পর্যায়ে সংগঠনের পক্ষ থেকে দুই শতাধিক পরিবারের হাতে লাচ্ছা সেমাই, চিনিসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

আল হিদায়া ফাউন্ডেশনের পরিচালক ওলিউর রহমান জানান, বিত্তবানদের যাকাত ও সদকার অর্থ সঠিক মানুষের কাছে পৌঁছে দিতে তারা কাজ করছেন। তিনি বলেন, সমাজের বিত্তবানরা এগিয়ে এলে অনেক অসহায় মানুষের ঈদ আনন্দ নিশ্চিত করা সম্ভব। সংগঠনের সদস্য শামিম আহমাদ ও মনিরুজ্জামান জানান, আর্তমানবতার সেবায় তারা সর্বদা অবিচল থাকবেন এবং এই সেবামূলক কার্যক্রম সবার মাঝে ছড়িয়ে দিতে চান।
উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আমিনার। তিনি এই উদ্যোগের প্রশংসা করে বলেন, নামমাত্র মূল্যে ঈদ উপহার বিতরণ একটি অনন্য দৃষ্টান্ত। এটি সমাজের তরুণ প্রজন্মকে মানবিক কাজে উৎসাহিত করবে। অনুষ্ঠানে ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের সদস্য, ওলামায়ে কেরাম এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে তাদের। ইতিমধ্যে সুশৃঙ্খলভাবে সুবিধাবঞ্চিত মানুষের হাতে ঈদ উপহার তুলে দেওয়ার কাজ শুরু হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন