সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড়

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ২৩, ২০২৬, ০৯:০৪ পিএম

কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড়

কুয়াকাটায় পর্যটকের ভিড়

পবিত্র ঈদুল ফিতরের টানা ছুটিতে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। ঈদের আনন্দ প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক এখন এই সাগরকন্যায় অবস্থান করছেন। সোমবার ২৩ মার্চ দুপুরে সৈকতের বিভিন্ন পয়েন্টে গিয়ে দেখা যায় পর্যটকদের এই বিপুল সমাগম। 

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ছুটিতে পর্যটকদের পদচারণায় পুরো সৈকত এলাকায় যেন নতুন প্রাণের সঞ্চার হয়েছে। সাগরের উত্তাল ঢেউয়ের সঙ্গে মিতালিতে মেতেছেন সব বয়সী মানুষ।

সৈকতে আসা পর্যটকদের কেউ কেউ সমুদ্রে গোসল করছেন আবার কেউ কেউ আনন্দময় এই মুহূর্তগুলো স্মৃতি হিসেবে ধরে রাখতে ছবি তোলায় ব্যস্ত রয়েছেন। ঢাকা থেকে আসা পর্যটক রাকিব হাসান জানান পরিবারের সঙ্গে কুয়াকাটায় ঈদ কাটাতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ও শান্ত পরিবেশ তাকে মুগ্ধ করেছে। 

অন্যদিকে আরেক পর্যটক সুমাইয়া আক্তার বলেন সৈকতে ভিড় একটু বেশি হলেও সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে কোনো সমস্যা হচ্ছে না। পর্যটকদের এই বিপুল উপস্থিতিতে স্থানীয় ব্যবসায়ীরাও বেশ খুশি এবং তাদের বেচাবিক্রি বহুগুণ বেড়ে গেছে বলে জানা গেছে।কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ জানিয়েছেন ঈদকে কেন্দ্র করে এলাকার প্রায় ৯০ শতাংশ কক্ষ আগেই বুকিং হয়ে গেছে এবং বাকি কক্ষগুলোও দ্রুত পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। 

পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান জানান সৈকতের প্রতিটি পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পর্যটকদের হয়রানি রোধে সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পর্যটকরা নির্ভয়ে কুয়াকাটার সৌন্দর্য উপভোগ করতে পারছেন।