মার্চ ২৬, ২০২৬, ০৯:৪৯ এএম
পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির শুভ সূচনা করা হয়। এরপর মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষে প্রথম শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন। এরপর পুলিশ সুপার রবিউল ইসলাম পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন।
একে একে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়।
শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন শেষে জেলার বিভিন্ন সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে উপস্থিত সকলে মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। দিবসটি উপলক্ষে দিনভর নানা কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন।
সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনি ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হওয়া এই দিবসটি পালনে পঞ্চগড়ের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। জেলা শহর ও এর আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন