শহিদুল ইসলাম
মার্চ ২৬, ২০২৬, ০৮:৫২ পিএম
নীলফামারীতে উত্তেজনা
নীলফামারী-১ আসনের সংসদ সদস্যের নাম প্রধান অতিথি হিসেবে ঘোষণা না করাকে কেন্দ্র করে বৃহস্পতিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে ব্যাপক উত্তেজনা ও হট্টগোল হয়েছে। জেলার ডোমার হাইস্কুল মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার উপস্থিত থাকলেও তার নাম যথাযথভাবে ঘোষণা করা হয়নি বলে অভিযোগ উঠেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে বাগবিতণ্ডা ও বিশৃঙ্খলার সৃষ্টি হয় যার এক পর্যায়ে সংসদ সদস্য অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন। জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংসদ সদস্যের নাম প্রধান অতিথি হিসেবে ঘোষণা করেননি।
এই নিয়ে উত্তেজনার এক পর্যায়ে বিএনপির কিছু নেতাকর্মী জামায়াত নেতাকর্মী ও সংসদ সদস্যকে লক্ষ্য করে আপত্তিকর স্লোগান দিলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়। তবে সঞ্চালক মাসুদ বিন আমিন সুমন এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন উপজেলা প্রশাসনের সরবরাহকৃত স্ক্রিপ্টে প্রধান অতিথির নাম উল্লেখ ছিল না। এরপরও তিনি সংসদ সদস্যকে যথাযথ সম্মান দিয়ে আসন গ্রহণের অনুরোধ জানিয়েছিলেন এবং কিছু দুষ্কৃতকারী রাজনৈতিক ফায়দা লুটতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে বলে তিনি দাবি করেন।
সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার সাংবাদিকদের জানান যে অনুষ্ঠানটি সুন্দরভাবে চললেও সঞ্চালনার ক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তির পরিবর্তে সরকারি কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া উচিত ছিল। ভবিষ্যতে এ ধরনের রাষ্ট্রীয় অনুষ্ঠানে যেন কোনো প্রকার বির্তক বা রাজনৈতিক বৈষম্য না ঘটে সে জন্য তিনি উপজেলা প্রশাসনকে আরও সতর্ক থাকার আহ্বান জানান। ডোমার সার্কেলের সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী জানিয়েছেন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সামান্য বিশৃঙ্খলা হলেও পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। বর্তমানে ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।