এপ্রিল ২, ২০২৬, ০৭:৪৭ পিএম
পাবনার ঈশ্বরদীতে একটি ফিলিং স্টেশনে মোটরসাইকেলে পেট্রোল নেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে উজ্জ্বল হোসেন (৩৭) নামে এক যুবককে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আরামবাড়ীয়া এলাকায় অবস্থিত মুনসুর ফিলিং স্টেশনে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। আহত উজ্জ্বল উপজেলার সাঁড়া ইউনিয়নের ইলশামারী গ্রামের আকমল হোসেনের ছেলে।
বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর সূত্রে জানা গেছে, দুপুরে মোটরসাইকেলে পেট্রোল নেওয়ার জন্য ওই ফিলিং স্টেশনে গিয়েছিলেন উজ্জ্বল।
বর্তমান জ্বালানি সংকটের কারণে সেখানে প্রচুর ভিড় ও বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। উজ্জ্বল উপস্থিত সবাইকে ধৈর্য ধরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পর্যায়ক্রমে তেল নেওয়ার জন্য অনুরোধ জানান। তাঁর এই অনুরোধকে কেন্দ্র করে সেখানে অবস্থানরত কয়েকজনের সাথে হঠাৎ বাগবিতণ্ডা শুরু হয়।
এক পর্যায়ে উত্তেজিত হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা তাঁর ওপর হামলা চালায় এবং পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দ্রুত পালিয়ে যায়।ঘটনার সময় সেখানে উপস্থিত থাকা আরমান হোসেন নামের এক মোটরসাইকেল চালক জানান, প্রায় দুই শতাধিক চালক তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করেই সেখানে গন্ডগোল ও হাতাহাতি শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই দেখা যায় উজ্জ্বলের শরীর থেকে রক্ত ঝরছে এবং হামলাকারীরা পালিয়ে গেছে।
উপস্থিত লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলী এহসান জানান, আহতের শরীরে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে রক্তক্ষরণ বন্ধের চেষ্টা করার পর তাঁকে দ্রুত রাজশাহী পাঠানো হয়।খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে।
তবে প্রাথমিক অনুসন্ধানে আঘাতটি সুনির্দিষ্টভাবে ছুরি নাকি ধারালো কোনো কাচ জাতীয় কিছু দিয়ে করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলে থানা সূত্রে জানানো হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন