শহিদুল ইসলাম
এপ্রিল ১৬, ২০২৬, ০৪:১১ পিএম
নতুন বাস সার্ভিসের উদ্বোধন -ছবি-দিনাজপুর টিভি
নীলফামারী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের যাতায়াত ভোগান্তি লাঘবে নতুন বাস সার্ভিস চালু করা হয়েছে। কলেজের শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সময়োপযোগী যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে কর্তৃপক্ষ। এর ফলে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে যাতায়াতে বড় ধরনের স্বস্তি আসবে বলে আশা করা হচ্ছে।
বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই বাস সার্ভিসটির কার্যক্রম শুরু করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে কলেজ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সার্ভিসটি চালুর ফলে শিক্ষার্থীদের এখন আর গণপরিবহনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না।সংশ্লিষ্ট সূত্র জানায়, মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল একটি নিজস্ব বাস সার্ভিসের। যাতায়াতের সুনির্দিষ্ট ব্যবস্থা না থাকায় সঠিক সময়ে ক্লাসে উপস্থিত হওয়া এবং একাডেমিক কাজে অংশ নেওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ত।
বিশেষ করে দূরে বসবাসকারী শিক্ষার্থীদের জন্য এই সমস্যা ছিল আরও প্রকট। সেই ভোগান্তি দূর করতেই দ্রুত এই পদক্ষেপ নেওয়া হয়েছে।এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে সবসময় প্রতিজ্ঞাবদ্ধ। নতুন এই বাস সার্ভিসটি শিক্ষার্থীদের সময় বাঁচাতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়া শিক্ষার উপযুক্ত পরিবেশ বজায় রাখতে এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশ্বাস প্রদান করেন। নতুন এই সুযোগ পেয়ে শিক্ষার্থীরাও কলেজ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।