রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

স্বাধীনতার ৫৪ বছর পর দেবীগঞ্জবাসী পেল প্রথম এমপি

আবু সালেহ মোঃ রায়হান

এপ্রিল ২১, ২০২৬, ০২:৪০ পিএম

স্বাধীনতার ৫৪ বছর পর দেবীগঞ্জবাসী পেল প্রথম এমপি

দেবীগঞ্জে আনন্দের বন্যা -ছবি-দিনাজপুর টিভি

স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছর পর অবশেষে নিজেদের প্রথম নিজস্ব সংসদ সদস্য পেতে যাচ্ছে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলাবাসী। জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ব্যারিস্টার তসমিয়া প্রধান ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের মনোনীত সংরক্ষিত মহিলা এমপি পদে চূড়ান্ত হওয়ার খবরে এখন খুশির জোয়ার বইছে পুরো উপজেলায়। 

সোমবার রাতে জোটগতভাবে তাঁর নাম নিশ্চিত করার পর থেকেই দেবীগঞ্জের অলিগলি, অফিসপাড়া এবং চায়ের দোকানে আলোচনার প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন তিনি।

দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের এক সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন ব্যারিস্টার তসমিয়া প্রধান। তাঁর বাবা মরহুম শফিউল আলম প্রধান ছিলেন দেশের প্রখ্যাত রাজনীতিক এবং জাগপার প্রতিষ্ঠাতা। তাঁর দাদা গমির উদ্দিন প্রধান ছিলেন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের স্পিকার। 

পারিবারিক এই রাজনৈতিক ঐতিহ্য বহন করে চলা তসমিয়া প্রধান লন্ডনের সোসাইটি অব লিংকনস ইন থেকে ‘বার অ্যাট ল’ ডিগ্রি অর্জন করেন এবং ২০১৮ সালে জাগপার সভাপতির দায়িত্ব নেন। ওই বছরই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ আসন থেকে প্রথম নারী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ব্যাপক আলোচনায় এসেছিলেন।রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও দেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত দেবীগঞ্জ উপজেলার কোনো স্থায়ী বাসিন্দা জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি। 

বিভিন্ন সময়ে আওয়ামী লীগ, বিএনপি বা জামায়াতে ইসলামীর প্রার্থীরা এ আসন থেকে নির্বাচিত হলেও তারা কেউই দেবীগঞ্জের স্থানীয় বাসিন্দা ছিলেন না। ফলে তসমিয়া প্রধানের এই মনোনয়নকে দেবীগঞ্জবাসীর দীর্ঘদিনের সেই অপূর্ণতা ও শূন্যতা পূরণের বড় সুযোগ হিসেবে দেখছেন স্থানীয়রা। তাদের বিশ্বাস, এবার নিজস্ব প্রতিনিধি পাওয়ায় এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে।

তসমিয়া প্রধানের মনোনয়নে দেবীগঞ্জ উপজেলা শহরের ব্যবসায়ী আমিনুল ইসলাম জানান, স্বাধীনতার ৫৪ বছর পর একজন উচ্চশিক্ষিত ব্যারিস্টারকে এমপি হিসেবে পাওয়া তাঁদের জন্য গর্বের বিষয়। এখন সাধারণ মানুষ সরাসরি তাঁদের দাবি-দাওয়া প্রিয় নেত্রীর কাছে তুলে ধরতে পারবেন। অন্যদিকে চিলাহাটি ইউনিয়নের দিনমজুর রফিকুল ইসলাম উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, দেবীগঞ্জে আগে কখনো নিজস্ব এমপি ছিল না। এবার নিজ ইউনিয়নের মানুষকে প্রতিনিধি হিসেবে পাওয়ায় কৃষক ও সাধারণ মানুষের কৃষি উপকরণ বা ফসলের দাম সংক্রান্ত সমস্যাগুলো সংসদে জোরালোভাবে উত্থাপন হবে বলে তারা আশা করছেন।

জেলা জাগপার সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব এই অর্জনকে দেবীগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন হিসেবে দেখছেন। তিনি বলেন, দেবীগঞ্জের মানুষ সবসময় একজন নিজস্ব প্রতিনিধি চেয়েছিল যে তাদের সুখ-দুঃখের কথা এবং উন্নয়নের চাহিদা জাতীয় সংসদে তুলে ধরবে। ব্যারিস্টার তসমিয়া প্রধানের মনোনয়নের মাধ্যমে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমেও দেবীগঞ্জ ও পঞ্চগড়বাসীর পক্ষ থেকে অভিনন্দনের ঢল নেমেছে।