রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ২৭, ২০২৬, ০৭:৫৪ পিএম

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

সুনামগঞ্জে পৃথক স্থানে বজ্রাঘাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার বিকালে সদর ও জামালগঞ্জ উপজেলায় এই ঘটনা ঘটে। এতে আরও অন্তত তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।নিহতরা হলেন—সুনামগঞ্জ সদরের মোল্লাপাড়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের জমির উদ্দিন (৪৬), গৌরারং ইউনিয়নের বৈটাখালী গ্রামের জমির হোসেন (৪০) এবং জামালগঞ্জ উপজেলার রূপাবালী গ্রামের আবু ছালেক (২০)।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জমির উদ্দিন সোমবার সকালে হাওরে ধান কাটতে যান। বেলা ৩টার দিকে কালবৈশাখী ঝড় শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আব্দুল্লাহপুর গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে।

অন্যদিকে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের জমির হোসেন বাড়ি থেকে বের হয়ে বৈটাখালী নদীঘাটে নিজের দোকান খুলতে যাচ্ছিলেন। পথে বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একই দিন জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের রুপাবালী গ্রামের আবু ছালেক মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতের শিকার হন। তাকে দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত বলে জানান।

সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডা. শফিকুর রহমান জানান, সোমবার দুপুর থেকে বিকালের মধ্যে বজ্রপাতে তিনজনের মৃত্যুর ঘটনা নিশ্চিত হওয়া গেছে।সদর থানার ওসি তদন্ত আরিফ উল্ল্যাহ জানান, স্থানীয়দের মাধ্যমে বজ্রপাতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে।