এপ্রিল ২৭, ২০২৬, ০৮:৫৪ পিএম
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলায় পৃথক তিন স্থানে তিনজনের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর ফেরিঘাট এলাকায় ধনু নদে মাছ ধরতে গিয়ে আব্দুল মোতালিব নামের এক জেলে মারা যান।
দুপুরে একই ইউনিয়নের সাতগাঁও গ্রামে হাওরে ধান শুকাতে গিয়ে মোনায়েম খা এবং কৃষ্ণপুর এলাকায় ধান কাটতে গিয়ে শুভ মন্ডল নামের এক শ্রমিক বজ্রপাতে প্রাণ হারান। আব্দুল মোতালিব ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ এবং শুভ মন্ডল সিরাজগঞ্জ সদরের বাসিন্দা।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহগুলো ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সুনামগঞ্জ থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, জেলায় বজ্রপাতে তিন কৃষকের প্রাণহানি হয়েছে এবং আহত হয়েছেন আরও তিনজন। বিকেলে সুনামগঞ্জ সদর ও জামালগঞ্জ উপজেলায় এসব ঘটনা ঘটে। নিহতরা হলেন—সদর উপজেলার জমির উদ্দিন, জমির হোসেন এবং জামালগঞ্জ উপজেলার আবু ছালেক। আহত তিন শ্রমিক শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক শফিকুর রহমান জানান, দুপুর থেকে বিকেলের মধ্যে বজ্রপাতে এই তিনজনের মৃত্যু হয়েছে। সদর থানার ওসি (তদন্ত) আরিফ উল্ল্যাহ জানান, পুলিশ বিস্তারিত তথ্য সংগ্রহ করছে।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিকেলে নোয়াগাঁও সংলগ্ন হাওরে গরু আনতে গিয়ে মকছুদ আলী নামের এক কৃষক নিহত হয়েছেন। নবীগঞ্জ থানার ওসি মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এদিকে নোয়াখালীর হাতিয়া উপজেলায় দুপুরের দিকে বজ্রপাতে মো. আরাফাত নামের এক যুবকের মৃত্যু হয়েছে। চর ঈশ্বর ইউনিয়নের গামছাখালী গ্রামে বাড়ির পাশের বাদামক্ষেত থেকে ফেরার পথে তিনি বজ্রপাতের শিকার হন। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন