এপ্রিল ২৭, ২০২৬, ১১:১৮ পিএম
পঞ্চগড়ের সদর উপজেলায় এক কলেজ ছাত্রীর ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাগুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তইবুল ইসলাম ও তার ভাই তহিদুল ইসলামের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার মাগুরা ইউনিয়নের দলুয়া বাজার এলাকায় এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।মাগুরা প্রধানপাড়া এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে ঝলই-রজলি সড়কের দুই পাশে শত শত মানুষ অংশ নেন।
প্রায় ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে ভুক্তভোগী পরিবারের সদস্য ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন। এ সময় অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে পুরো এলাকা উত্তাল হয়ে ওঠে।
বক্তারা অভিযোগ করে বলেন, তইবুল ইসলাম মাগুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হওয়ার সুবাদে এলাকায় ব্যাপক প্রভাব বিস্তার করছেন। তার আশ্রয়-প্রশ্রয়ে তার ছোট ভাই তহিদুল ইসলাম একের পর এক কিশোরী ও ছাত্রীদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে নগ্ন করে ছড়িয়ে দিচ্ছেন। সম্প্রতি এক কলেজ ছাত্রীর ছবি এআই দিয়ে বিকৃত করার পর তা অনলাইনে ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই ঘটনায় মামলা হওয়ার পর পুলিশ অভিযুক্ত তহিদুলকে গ্রেপ্তার করতে গেলে তইবুল ও তার সহযোগীরা উল্টো পুলিশের ওপর চড়াও হওয়ার চেষ্টা করেন বলে সমাবেশে দাবি করা হয়।
ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের দাবি, আইনি পদক্ষেপ নেওয়ার পর থেকে বিএনপি নেতা তইবুল ইসলাম তাদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছেন। দলীয় পদের প্রভাব খাটিয়ে তিনি মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছেন বলেও অভিযোগ উঠেছে। বর্তমানে ভুক্তভোগী পরিবারগুলো চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। প্রতিবাদী গ্রামবাসী অবিলম্বে তইবুল ও তার ভাই তহিদুলকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।
মাগুরা ইউনিয়নের এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজনৈতিক পরিচয়ে পার পাওয়ার কোনো সুযোগ নেই। সাইবার অপরাধ ও নারীর সম্মানহানির মতো গুরুতর অপরাধে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন