এপ্রিল ২৮, ২০২৬, ১২:২৪ এএম
গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুলে যাওয়ার পথে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে অটোরিকশায় তুলে নিয়ে দিনভর ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে তাকে অচেতন অবস্থায় উদ্ধারের পর আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, ওই ছাত্রী সোমবার সকালে বিদ্যালয়ে যাচ্ছিল। সকাল আনুমানিক ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের সমাসপাড়া এলাকার একটি ট্রান্সফরমারের নিচ থেকে দুই যুবক তাকে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে নেয়।
ভুক্তভোগী ছাত্রীর মামা জানান, দুর্বৃত্তরা তাকে পাশের ফুলবাড়ী ইউনিয়নের ফুটানী বাজার এলাকার কোনো এক অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে তাকে চেতনানাশক ওষুধ খাইয়ে দিনভর পাশবিক নির্যাতন চালানো হয়। পরে বিকেল নাগাদ শিশুটিকে ‘আঁখ সেন্টারের’ পাশে অচেতন অবস্থায় ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
বিকেলে পথচারীরা শিশুটিকে সড়কের পাশে পড়ে থাকতে দেখে তার পরিবারকে খবর দেন। স্বজনরা তাকে উদ্ধার করে সন্ধ্যায় দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত বগুড়া শজিমেক হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, তিনি বিষয়টি শুনেছেন এবং এরইমধ্যে এসআই কায়েসকে ঘটনাস্থলে খোঁজ নিতে পাঠিয়েছেন।তদন্তকারী কর্মকর্তা এসআই কায়েস বলেন, ‘ওসি সাহেব জানানোর পর আমি মেয়েটির পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।’ তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন