এপ্রিল ২৯, ২০২৬, ০৮:৩১ পিএম
পঞ্চগড় পৌরসভার আহমদ নগর এলাকায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সোলায়মান হক (৩৮) নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিকেল ছয়টার দিকে মিলগেট বাজার-ফুলতলা সড়কে এই দুর্ঘটনা ঘটে।নিহত সোলায়মান হক বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের সদ্দারপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে।
তিনি পঞ্চগড় আইনজীবী সমিতির সদস্য ছিলেন বলে জানা গেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে মোটরসাইকেল নিয়ে পঞ্চগড় শহর থেকে বাড়ি ফিরছিলেন সোলায়মান হক। পথে আহমদ নগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় তিনি সড়কে ছিটকে পড়লে ট্রাকের চাকা তাঁর মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই চালক ঘাতক ট্রাকটি নিয়ে দ্রুত পালিয়ে গেছেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাকটি শনাক্ত ও জব্দ করার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। বর্তমানে ওই এলাকায় পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন