এপ্রিল ২৯, ২০২৬, ১০:৩২ পিএম
বুধবার (২৯ এপ্রিল) দেশের ছয় জেলায় বজ্রপাতে সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জামালপুরে দুইজন এবং রাজবাড়ী, রংপুর, গাজীপুর, ময়মনসিংহ ও শরীয়তপুরে একজন করে মারা গেছেন। একই সময়ে বরগুনার বামনা উপজেলায় একটি স্কুলের ১০ ছাত্রী বজ্রপাতে আহত হয়েছে।জামালপুরের ইসলামপুর উপজেলায় পৃথক ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে।
সাপধরী ইউপি সদস্য মেহের আলী জানান, সকালে পূর্ব চেঙ্গানিয়া গ্রামের ইল্লামারী সড়কে কাজ করার সময় বজ্রপাতে সাগর (১৮) নামের এক যুবক নিহত হন। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ি ইউনিয়নের চিনিয়াপাড়া গ্রামের বাসিন্দা।
অন্যদিকে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের দশানী নদীতে মাছ ধরতে গিয়ে শামীম (২৫) নামের আরেক যুবক নিহত হন। ইসলামপুর থানার ওসি আব্দুল কাইয়ুম গাজী এই দুই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মর্জোতকোল গ্রামে সকাল ৭টার দিকে বজ্রপাতে সুমন মণ্ডল (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত সুমন একই গ্রামের সিদ্দিক মণ্ডলের ছেলে। স্থানীয়রা জানান, সুমন তার ছোট মেয়ে সাফিয়াকে নিয়ে বাড়ির পাশের দোকানে যাওয়ার সময় বজ্রপাতের শিকার হন। এ সময় তার মেয়ে সামান্য আহত হলেও সুস্থ আছে। রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রংপুরের তারাগঞ্জ উপজেলায় গৃহবধূ সাহেরা বেগম (৪০) বাড়ির পাশে কাজ করার সময় বজ্রপাতে নিহত হন। তিনি সয়ার ইউনিয়নের কাজীপাড়া গ্রামের মজিবর রহমানের স্ত্রী। তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ময়মনসিংহের তারাকান্দায় রাংসা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. সাদ্দাম হোসেন (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গালাগাঁও ইউনিয়নের গাবরগাতী গ্রামের চৌরাবাড়ি এলাকায় দুপুরে এ ঘটনা ঘটে। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানবীর আহম্মেদ জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।
শরীয়তপুরের নড়িয়া উপজেলার জবসা ইউনিয়নে রাজিব শেখ (৩৫) নামের এক জেলে মাছ ধরার সময় বজ্রপাতে নিহত হন। নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাইয়ুম খান জানান, নিহতের পরিবারকে সরকারি তহবিল থেকে ২৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।
গাজীপুরের কালীগঞ্জে বজ্রপাতে জাকির হোসেন খান (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সকালে জাঙ্গালিয়া ইউনিয়নের বরাইয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন।এদিকে বরগুনার বামনা উপজেলার খোলপেটুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অবস্থানের সময় বজ্রপাতে ১০ ছাত্রী আহত হয়েছে। দুপুর দেড়টার দিকে ঝড়ের সময় বিদ্যালয়ের পাশে বজ্রপাত হলে তারা অসুস্থ হয়ে পড়ে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনজনকে চিকিৎসাধীন রাখা হয়েছে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন