মে ৪, ২০২৬, ০৬:০৮ পিএম
রাঙামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের জেরে শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সোমবার (৪ মে) দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে পদবঞ্চিত নেতা ও নতুন কমিটির সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরে নবঘোষিত জেলা কমিটির পদবঞ্চিত নেতারা দ্বিতীয় দিনের মতো বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় তাঁরা কার্যালয়ের সামনের প্রধান সড়ক দখল করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। একই সময়ে নতুন কমিটির সভাপতি অলি আহাদ ও সাধারণ সম্পাদক রনির নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করা হলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পদবঞ্চিত নেতারা দুপুর ১২টা থেকে জেলা কার্যালয় ও এর আশপাশের এলাকা দখলে রাখেন। অন্যদিকে, পৌরসভা চত্বরসহ শহরের বিভিন্ন পয়েন্টে নতুন কমিটির সমর্থকরা একত্রিত হতে শুরু করেন। বিকেল তিনটার দিকে নতুন কমিটির সমর্থকরা সংঘবদ্ধ হয়ে বিক্ষোভকারীদের ধাওয়া করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
একপর্যায়ে নতুন কমিটির সমর্থকরা বিএনপি অফিস নিজেদের নিয়ন্ত্রণে নেন।সংঘর্ষের জেরে শহরের বনরূপা এলাকাসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা বিএনপির কার্যালয়সহ গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরবর্তীতে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন বলেন, ছাত্রদলের নতুন কমিটিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছে। বর্তমানে পরিস্থিতি আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি অলি আহাদ বলেন, নতুন কমিটিতে কিছু পদবঞ্চিত নেতা বিক্ষোভ করছেন, যা রাজনৈতিকভাবে একটি স্বাভাবিক বিষয়। নতুন কমিটি দ্রুতই সকলের সাথে আলোচনা করে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে বলে তিনি উল্লেখ করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন