মে ৫, ২০২৬, ০১:২০ পিএম
রাজশাহীর পুঠিয়ায় দ্রুতগামী ড্রামট্রাকের চাপায় আক্কাস আলী খলিফা (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার বিড়ালদহ মাজার সংলগ্ন মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি চারঘাট থানাপাড়া এলাকায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে দুটি ড্রামট্রাকে আগুন ধরিয়ে দেয়। এ সময় পবা হাইওয়ে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয়দের রোষানলে পড়েন সংবাদকর্মীরাও।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বেপরোয়া গতিতে দুটি ড্রামট্রাক পাশাপাশি ছুটছিল। নিয়ন্ত্রণ হারিয়ে এর মধ্যে একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আক্কাস আলীকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। এরপর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে যান চলাচল বন্ধ করে দেয় এবং ট্রাক দুটি আটকে আগুন দেয়।
ঘটনাস্থলে ছবি তুলতে গেলে দৈনিক যায়যায় দিন পত্রিকার সাংবাদিক মোহাম্মদ আলীর মোবাইল ফোন ভেঙে দেওয়া হয়। আরও কয়েকজনের মোবাইল ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।পবা হাইওয়ে থানার ইনচার্জ মোজাম্মেল হক কাজী জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ। কিন্তু উত্তেজিত জনতা পুলিশের গাড়িতে ভাঙচুর চালায়।
পরে পুঠিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের একটি দল এসে ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত পুলিশ মোতায়েনের পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এই রাস্তায় ট্রাকের দৌরাত্ম্য চলছে। নজরদারির অভাবেই এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেন তারা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন