মে ৭, ২০২৬, ০৪:১৮ পিএম
ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড় সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে সীমান্তজুড়ে কঠোর নজরদারি বৃদ্ধির পাশাপাশি অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, সীমান্তে যাতে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ না ঘটে, সে লক্ষ্যে সার্বক্ষণিক পর্যবেক্ষণ বাড়ানো হয়েছে। বিশেষ করে চেকপোস্টগুলোতে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। এছাড়া আধুনিক প্রযুক্তির সিসি ক্যামেরার মাধ্যমে সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি করছে বিজিবি। নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে।
সীমান্ত এলাকা দিয়ে পুশ-ইন, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও গরু চোরাচালান এবং মানব পাচারসহ যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এই কঠোর অবস্থান স্থানীয়দের মধ্যেও আস্থার সৃষ্টি করেছে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, বিজিবি সদর দপ্তরের নির্দেশনার আলোকে দায়িত্বপূর্ণ এলাকায় যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে পঞ্চগড় ব্যাটালিয়ন সর্বদা তৎপর রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, অপরাধ দমনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং টহল কার্যক্রম অব্যাহত থাকবে।
বর্তমানে সীমান্ত পরিস্থিতি বিজিবির পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে। সন্দেহভাজন গতিবিধি লক্ষ করলেই বিজিবি সদস্যরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছেন। সীমান্ত অপরাধ দমনে স্থানীয় জনগণের সহযোগিতাও প্রত্যাশা করেছে বিজিবি কর্তৃপক্ষ। মূলত ওপারে ভারতের চলমান অভ্যন্তরীণ পরিস্থিতির প্রেক্ষাপটে এই বিশেষ সতর্কতা জারি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অফিসিয়াল প্রেস রিলিজ অনুযায়ী, সীমান্তে বিজিবির এই বাড়তি নিরাপত্তা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বলবৎ থাকবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন