রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

গাজীপুরের কাপাসিয়ায় ৫ জনকে গলা কেটে হত্যা

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৯, ২০২৬, ০৯:৪৯ এএম

গাজীপুরের কাপাসিয়ায় ৫ জনকে গলা কেটে হত্যা

কাপাসিয়ায় ৫ জনকে হত্যার ঘটনায় তদন্তে পুলিশ

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এক প্রবাসীর স্ত্রী ও সন্তানসহ একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৮ মে) গভীর রাতে উপজেলার রাউতকোনা গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।নিহতরা ওই গ্রামের প্রবাসী মনির হোসেনের পরিবারের সদস্য বলে জানা গেছে। 

শনিবার সকালে খবরটি জানাজানি হলে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।এলাকাবাসী জানান, রাউতকোনা এলাকার মনির হোসেন দীর্ঘদিন ধরে প্রবাসে রয়েছেন। বাড়িতে তার স্ত্রী ও সন্তানরা থাকতেন। 

শুক্রবার রাতেও পরিবারের সদস্যদের স্বাভাবিকভাবে চলাফেরা করতে দেখা গেছে। তবে শনিবার ভোরে স্থানীয়রা ওই বাড়িতে গিয়ে পাঁচজনের গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। কারা বা কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

গাজীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মো. শরিফ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, একই পরিবারের পাঁচজনকে হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, অপরাধীদের শনাক্ত করতে কাজ শুরু করেছে একাধিক ইউনিট। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে ঘটনার পেছনে পারিবারিক কোনো শত্রুতা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্তের পর স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।