রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দুর্নীতি প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতিতে দুদক, ঠাকুরগাঁওয়ে কর্মশালা

নিজস্ব প্রতিবেদক

মে ১০, ২০২৬, ১০:৩৪ পিএম

দুর্নীতি প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতিতে দুদক, ঠাকুরগাঁওয়ে কর্মশালা

ছবি-দিনাজপুর টিভি

পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের অংশগ্রহণে ‘দুর্নীতি প্রতিরোধে করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁওয়ের উদ্যোগে রোববার (১০ মে) ঠাকুরগাঁওয়ের মানব কল্যাণ পরিষদ (এম.কে.পি) হলরুমে দিনব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।

দুর্নীতি প্রতিরোধ, নৈতিকতা ও সুশাসন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং কমিটির কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণ সেশনে প্রধান প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন দুদক সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁওয়ের সহকারী পরিচালক মো. ইমরান হোসেন। 

এ ছাড়া উপ-সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম ও সহকারী পরিদর্শক মো. মিজানুর রহমান বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।প্রশিক্ষণ কর্মশালায় দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠনের উদ্দেশ্য, আইনি ভিত্তি, গঠন কাঠামো এবং সদস্যদের যোগ্যতা ও অযোগ্যতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 

একই সঙ্গে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দায়েরের পদ্ধতি, দুদকের তফসিলভুক্ত অপরাধসমূহ এবং দুর্নীতি প্রতিরোধে তথ্য অধিকার আইন-২০০৯ এর প্রয়োগ নিয়ে সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়। এ ছাড়া স্কুল-কলেজে ‘সততা স্টোর’ ও ‘সততা সংঘ’ গঠনের লক্ষ্য এবং তা বাস্তবায়নে কমিটির ভূমিকা তুলে ধরা হয়।সহকারী পরিচালক মো. ইমরান হোসেন বলেন, সমাজের সর্বস্তরে দুর্নীতি প্রতিরোধে জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত কমিটিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি আরও উল্লেখ করেন, দুদক বর্তমানে দেশের সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। 

যেখানেই অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে, সেখানেই তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে পরিচিতি পর্ব ও কুশলাদি বিনিময় করেন দুদক কর্মকর্তারা। কর্মশালায় দুদক ঠাকুরগাঁও কার্যালয়ের ডাটা এন্ট্রি ও কন্ট্রোল অপারেটর মোছা. আদুরী আক্তারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা এই প্রশিক্ষণে অংশ নেন।