রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

যুবককে বেঁধে নির্যাতনের লাইভ ভিডিও ভাইরাল, তদন্তে পুলিশ

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১১, ২০২৬, ০৪:১৫ পিএম

যুবককে বেঁধে নির্যাতনের লাইভ ভিডিও ভাইরাল, তদন্তে পুলিশ

রাজশাহীতে যুবককে নির্যাতন

রাজশাহীতে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে দুই যুবকের লাঠি দিয়ে মারধরের ঘটনা ঘটেছে। নির্যাতনের সেই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার (লাইভ) করার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। রোববার মতিহার থানা এলাকায় এই ঘটনা ঘটে।নির্যাতনের শিকার তুষার (১৮) নগরের কাজলা বিলপাড়া মহল্লার বাসিন্দা। 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি গাছের সঙ্গে বেঁধে রাখা তুষারকে দুই যুবক লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাচ্ছেন। মারধর শুরুর আগে একজনকে বলতে শোনা যায়, ‘চালু করে দিয়েছি।’ তিনি ক্যামেরা চালু করার পরপরই নির্যাতন শুরু হয়।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, মাত্র ৪৫ সেকেন্ডে তুষারকে অন্তত ১৪ বার লাঠি দিয়ে আঘাত করা হয়। মারধরের সময় তিনি যন্ত্রণায় চিৎকার করতে থাকেন। একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, ‘হৃদয়, একটু দাঁড়াও ভাইয়া।’ তবে এরপরও হামলাকারীরা লাঠিপেটা চালিয়ে যান।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বর্তমানে আহত তুষারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির বলেন, প্রাথমিকভাবে জানা গেছে চুরির অভিযোগে ওই যুবককে মারধর করা হয়েছে। তিনি উল্লেখ করেন, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলেও আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। 

কাউকে গাছে বেঁধে নির্যাতন করা এবং সেই ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়া—দুইটিই দণ্ডনীয় অপরাধ।পুলিশ জানিয়েছে, চিকিৎসা শেষে ভুক্তভোগী থানায় আনুষ্ঠানিক অভিযোগ দিলে এ ঘটনায় কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হামলাকারীদের অবস্থান শনাক্ত করতে কাজ করছে স্থানীয় থানা পুলিশ ও গোয়েন্দা বিভাগ। বর্তমানে এলাকায় এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে।