রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

৩৭ বছর বন্ধ শালবাহান তেল খনি চালুর দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন

আবু সালেহ মোঃ রায়হান

মে ১১, ২০২৬, ০৪:৪৩ পিএম

৩৭ বছর বন্ধ শালবাহান তেল খনি চালুর দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন

ছবি-দিনাজপুর টিভি

পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান তেল খনি পুনরায় চালু, আধুনিক প্রযুক্তির মাধ্যমে জরিপ পরিচালনা এবং জাতীয় সম্পদ রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। সচেতন নাগরিক কমিটির আয়োজনে সোমবার দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে এই কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মনোয়ার হোসেন হানিফ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পঞ্চগড়ের সভাপতি আনোয়ারুল খায়ের এবং সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের যুগ্ম সমন্বয়ক মানিক খান। এছাড়া সাংবাদিক এমএ বাসেদ, সোহরাব আলীসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এতে একাত্মতা প্রকাশ করেন।

বক্তারা জানান, ৮০-র দশকে পঞ্চগড়ের শালবাহান এলাকায় বৃহৎ এক তেল খনির সন্ধান মিলেছিল। তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ তেল উত্তোলন কার্যক্রমের উদ্বোধনও করেছিলেন। কিন্তু রহস্যজনকভাবে মাত্র এক সপ্তাহের মধ্যেই খনিটির কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। বিষয়টি নিয়ে এলাকায় ধোঁয়াশা তৈরি হলেও দীর্ঘ ৩৭ বছরে এর কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা মেলেনি।

চলমান বিশ্বব্যাপী জ্বালানি ও তেল সংকটের মধ্যে নতুন করে আলোচনায় এসেছে এই তেল খনিটি। আন্দোলনের অংশ হিসেবে স্থানীয়রা দ্রুত এই খনি বন্ধের রহস্য উন্মোচন, আধুনিক প্রযুক্তিতে পুনরায় জরিপ পরিচালনা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষার দাবি জানান। কর্মসূচি শেষে তারা জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করেন।

খনিটি পুনরায় সচল হলে দেশের অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, দীর্ঘ সময় পার হলেও জাতীয় স্বার্থে এই খনিজ সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা জরুরি। স্থানীয় জনগণের এই দাবি এখন পঞ্চগড়ের প্রধান জনদাবিতে পরিণত হয়েছে। বর্তমানে জেলা প্রশাসনের মাধ্যমে সরকারের উচ্চপর্যায়ে বিষয়টি পৌঁছানোর প্রক্রিয়া চলছে।